পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব : সংস্কৃতি মন্ত্রী
পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে এসব কথা বলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি আরো বলেন, ‘বৈশাখী শোভাযাত্রা কেবল একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতীক। পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে নতুন বঙ্গাব্দের পথচলা। ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশে নব আনন্দে উদযাপিত হচ্ছে আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।’
মন্ত্রী পহেলা বৈশাখের এই শোভাযাত্রায় আগত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
সূত্রঃ পিআইডি